নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে রাজনৈতিক শুদ্ধতা, দুর্নীতি দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বক্তব্য
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর এক সহকর্মীকে ‘সর্বমন্ত্রী’ আখ্যা দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শাসনব্যবস্থার সমালোচনা করেছেন।
তিনি বলেন, “যাকে বলা হয় সর্বমন্ত্রী, তিনি সব মন্ত্রণালয়ে আজানও দেন, ইকামতও দেন—এমনকি সংসদেও মাঝে মাঝে ফতোয়া দেন।”
শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে জনগণকে বিভ্রান্ত করা হলে রাজনীতির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। “আমরা এই ধরনের রাজনীতি করি না, করবোও না,”—যোগ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গণভোটের প্রশ্নে সরকারি দলের অবস্থান ছিল অস্পষ্ট এবং পরবর্তীতে জনমতের চাপে তারা অবস্থান পরিবর্তন করে।
তিনি প্রশ্ন তোলেন, “গণভোটে প্রাপ্ত ভোটের মূল্য কতটা বাস্তবায়ন হয়েছে?”
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “জনগণের ত্যাগ ও আন্দোলনের ফলেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।”
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বড় বাজেট প্রণয়ন সরকারের দায়িত্ব হলেও এর সঠিক বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও লুটপাটের সমালোচনা করে তিনি দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।
তিনি বলেন, একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ এখন সন্ত্রাসের কারণে নেতিবাচক পরিচিতি পেয়েছে। ত্বকী হত্যাসহ বিভিন্ন ঘটনার বিচার না হওয়ায় জনমনে ক্ষোভ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
“হুংকার ও অহংকারের রাজনীতি পরিহার করতে হবে। নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার সংস্কৃতি তৈরি হোক—এটা জনগণ চায় না,”—বলেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার।
এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলার আমীর মমিনুল হক সরকার, ঢাকা জেলার আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন, নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেহ উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলার নায়েবে আমীর আবদুল কাইয়ুম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও কার্যকরী সদস্য হাফেজ ইসমাঈল হোসেন, জেলা সভাপতি আবু সুফিয়ান, আড়াইহাজার উপজেলার আমীর অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা ও রূপগঞ্জ উপজেলা আমীর আনোয়ার হোসেন মোল্লাসহ অনেকে।









Discussion about this post