নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ফ্লাইওভারে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা-সহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সিনথিয়া (৬)।
আহতরা হলেন—শিশুটির বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা, ছোট ভাই আয়মান (১) এবং সিএনজি চালক। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়।
এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চার সদস্যের পরিবারের সবাই আহত হন। ঘটনাস্থলেই সিনথিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় সিনথিয়া ফ্লাইওভার থেকে ছিটকে নিচের মূল সড়কে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর প্রাইভেটকারে থাকা দুজনকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
আহত আশিকুর রহমান শামীম জানান, পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিতে করে সাইনবোর্ডে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
এতে তার ৬ বছর বয়সী কন্যা ঘটনাস্থলেই মারা যায়। স্ত্রী সানজিদার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি ও তার এক বছর বয়সী ছেলে বড় ধরনের আঘাত পাননি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় সিনথিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, ব্যস্ত এই সড়কে বেপরোয়া যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।









Discussion about this post