ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ: আহত ২, আতঙ্কে এলাকাবাসী
নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার আবুল কালাম সিকদারের ছেলে মামুন (২৩) এবং কুড়িগ্রামের অলিপুর এলাকার নজির হোসেনের ছেলে আশরাফুল আলম (৩৬)। তারা উভয়েই সস্তাপুরের হলি ফেব্রিক্স ডাইং কারখানার শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, আঞ্জু মিয়া ও রেজাউল হকের মালিকানাধীন ওই কারখানার বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার দেয়াল, টিনের চাল, দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় বয়লারের একটি বড় লোহার প্লেট (প্রায় ৮ ফুট লম্বা, ৪ ফুট প্রশস্ত এবং ৭০-৮০ কেজি ওজনের) ছিটকে গিয়ে পাশের আটতলা স্যামসন্স সুয়েটার গার্মেন্টসের ওপর দিয়ে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে পড়ে। প্লেটটি মাসুম মিয়ার একটি আধাপাকা ঘরের টিনের চাল ভেদ করে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটায়।
বিস্ফোরণের শব্দে আশপাশের বহু বাড়ি ও প্রতিষ্ঠানের কাঁচের জানালা ভেঙে যায়।
এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আবার কারখানায় ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে বয়লার ব্যবহারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং নিয়মিত তদারকির অভাব রয়েছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।









Discussion about this post