সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার # র্যাবের যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার; তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ে অভিযান চালিয়ে শটগান, কার্তুজ ও টেঁটা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত গ্যাং লিডার রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর শেরে বাংলা নগরের পান্থপথ এলাকা থেকে র্যাব-১১ (সিপিএসসি) ও র্যাব-২ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর গ্রামের মৃত সাফাতুল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল রাসেল ও তার বাহিনী। শিল্পকারখানা, ড্রেজিং, আবাসন প্রকল্প, ইট-বালু সরবরাহ এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের জিম্মি করে নিয়মিত চাঁদাবাজি করত তারা।
এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারের জন্য প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া দিত বলে অভিযোগ রয়েছে। প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণ, বাড়িঘরে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও তার বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁয়ের কুরবানপুর এলাকায় তার বাড়ির পাশের একটি গোডাউনে অভিযান চালানো হয়।
এ সময় একটি দেশীয় শটগান, চার রাউন্ড কার্তুজ এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post