আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কোমানি (সাবেক কুইন্সটাউন) এলাকার নিকটবর্তী সমো অঞ্চলে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটির ভেতরে থাকা আবাসিক কক্ষে মোট ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন।
গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে কোমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলিফ টেক ইউনিয়নের গঞ্জকুমারী এলাকায় বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
এই হৃদয়বিদারক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
একই সঙ্গে দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এর আগেও অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালের ২০ অক্টোবর নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে ফেনীর দাগনভূঞা উপজেলার একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়।
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে।









Discussion about this post