নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ (সশস্ত্র) (৫২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আবু হানিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হানিফ নিঃসন্তান ছিলেন এবং পারিবারিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রীও শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মধ্যেও বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।









Discussion about this post