সিদ্ধিরগঞ্জে ডাম্পিং সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং) সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার ডাম্পিং সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে মৃত্যুর প্রায় ১০ থেকে ১২ দিন আগে ঘটনাটি ঘটেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে ঘটনাস্থলে সিআইডির একটি বিশেষজ্ঞ দল উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে কোনো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।









Discussion about this post