সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার: ছেলের মামলার বাদী বাবা খুনের ঘটনায় নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেল শেখ (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আজ সোমবার (৩ আগস্ট) র্যাব-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হক (৬৫)-কে নোবেল শেখ ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই তার মৃত্যু হয়।
নিহত ফজলুল হক জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাব আরও জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে একটি পুরোনো ঘটনার ছায়া রয়েছে। প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই ঘটনায় ফজলুল হক নিজেই মামলার বাদী ছিলেন। ফলে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ২ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসও এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নোবেল শেখকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নোবেল শেখ সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকার বাসিন্দা এবং তার পিতা রমজান শেখ। তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন শেখের ভাতিজা। উল্লেখ্য, সামছুদ্দিন শেখও এই হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একই পরিবারের দুই সদস্যের পরপর হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, যাতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।









Discussion about this post