নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ডিক্রিরচর ফেরিঘাট এলাকায় ধলেশ্বরী নদীর তীরে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক শিশুর নিথর মরদেহ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নদীর তীরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা, কীভাবে শিশুটিকে নদীতে ফেলেছে—তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এদিকে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। কোন মায়ের কোলে শূন্যতা নেমে এলো—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।









Discussion about this post