সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে রাতভর আটকে নির্যাতন, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে আটকে রেখে রাতভর নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের এক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিআইখোলা মোড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ভুক্তভোগী রফিকুল ইসলাম (২৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), রমজান আলী (২৩), মো. আল আমিন (২২), গোলাম কিবরিয়া জয় (২১), রবিউল ইসলাম (২৪), মো. জাহাঙ্গীর (২৩) ও মো. আরমান (২২)। মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার বাসিন্দা এবং জীবিকার তাগিদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সিআইখোলা বউবাজার এলাকা থেকে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যায়। পরে একটি দোকানঘরে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালানো হয়।
এ সময় অভিযুক্তরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা জোগাড় করতে চাপ দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতির একপর্যায়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে রফিকুল তার চাচা মো. হাদিস মিয়াকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।
পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন।









Discussion about this post