নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত ডালিম আলী শুভকরদী এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ডালিমের সঙ্গে একই এলাকার হাবিব (২০) নামে এক যুবকের পূর্ব থেকে বিরোধ চলছিল।
হাবিব মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি ‘ব্ল্যাক জনি’র অনুসারী হিসেবে পরিচিত।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বিরোধের জের ধরেই বুধবার রাতে ডালিমের ওপর হামলা চালানো হয়। এ সময় হাবিব ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ওসি জামাল উদ্দিন। তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।









Discussion about this post