নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় সৃষ্ট স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সানারপাড় এলাকার একটি কেমিক্যাল গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও তা নিয়ন্ত্রণে আসে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণের ফলে স্পার্ক তৈরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত।
তিনি আরও বলেন, গোডাউনে কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করায় বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
অগ্নিকাণ্ডে গোডাউনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









Discussion about this post