আদালত প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সানাউল্লাহ (৩৩) নামে এক যুবককে টেঁটাঘাতে হত্যার মামলায় আক্তার সরকার (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) নাজমুন নাহার সুমি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আক্তার সরকার রূপগঞ্জের দিগুলিয়ারটেক এলাকার মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। নিহত সানাউল্লাহ একই এলাকার সাত্তার সরকারের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ অক্টোবর হাঁস-মুরগি নিয়ে সানাউল্লাহর স্ত্রী মোসলেমার সঙ্গে প্রতিবেশী আক্তার সরকারদের পরিবারের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় অসুস্থ সানাউল্লাহ ঢাকায় চিকিৎসকের কাছে ছিলেন।
রাতে বাড়ি ফিরে স্ত্রীকে নিয়ে ঝগড়ার কারণ জানতে চাইলে আক্তার সরকারের পরিবারের সঙ্গে সানাউল্লাহর ফের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় আক্তার সরকার ঘর থেকে টেঁটা এনে সানাউল্লাহর বুকের নিচে আঘাত করেন। গুরুতর আহত হয়ে সানাউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করে আক্তার সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।









Discussion about this post