নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রধারী এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় তোলারাম কলেজসংলগ্ন আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে আরবান স্কুলের সামনে সাত থেকে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাল্টা আট রাউন্ড গুলি চালান।
এ সময় জসিম (২৪) নামে এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী উরুতে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠায়।
ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন—এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও পুলিশ সদস্য রাশিদুল। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জসিম (২৪) ও মোহন (২৩)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, ঘটনাস্থলে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা গোলাগুলির সুযোগে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ফতুল্লা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও তদন্ত করছে পুলিশ।









Discussion about this post