নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে উভয় শাখায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।
রোববার (১৬ আগস্ট) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
তিনি জানান, সংগঠনের সর্বোচ্চ ফোরাম মজলিসে শামেলায় নারায়ণগঞ্জের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এর আগে আলোচনা হয়েছে। বিশেষ করে মহানগর কমিটির কার্যক্রমকে ঘিরে বিভিন্ন সমস্যা, মতবিরোধ ও সমালোচনার বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে আলোচনায় আসে।
এসব বিষয় খতিয়ে দেখতে কেন্দ্র থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে সংশ্লিষ্ট কমিটি তাদের প্রতিবেদন কেন্দ্রীয় ফোরামে জমা দেয়। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সবার সম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যেই আমাদের দুই কমিটিতে আহ্বায়ক কমিটি করে দেওয়া হবে। এরপর আমরা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করে একটি পূর্ণাঙ্গ কাউন্সিল করতে পারব।’
সাংগঠনিক সূত্রে জানা গেছে, নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কমিটি গঠন শেষে কাউন্সিলের মাধ্যমে জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ নেতৃত্ব নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
তবে বর্তমান কমিটি বিলুপ্তির পেছনে তদন্ত কমিটির প্রতিবেদনে কী ধরনের বিষয় উঠে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সংশ্লিষ্টরা। সংগঠনের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তুও প্রকাশ করা হয়নি।
নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতারা।









Discussion about this post