ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে আগুন, ছড়িয়ে পড়ে ঝুটের গোডাউনে
নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে গাবতলী এলাকার একটি ইজিবাইক গ্যারেজে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ভোর ৬টার দিকে গাবতলীর একটি ইজিবাইক গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, গ্যারেজের পাশে থাকা কয়েকটি ঝুটের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গোডাউনগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ এবং পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









Discussion about this post