পরিত্যক্ত কারখানার ঝোপে বিদেশি রিভলবার, উদ্ধার করল র্যাব
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত কারখানার ভেতর থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কারখানায় অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে বাহিনীটি।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবাইল এলাকায় অবস্থিত প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল পরিত্যক্ত কারখানাটিতে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে কারখানার আশপাশ ও ভেতরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কারখানা এলাকার একটি ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে অস্ত্রটি সেখানে কারা রেখে গেছে কিংবা পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি র্যাব।
উদ্ধার করা রিভলবার ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধ দমনে র্যাব-১১-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।








Discussion about this post