রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বামীর গলায় ছুরি ধরে তাঁর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে উপজেলার তারাবো পৌরসভার একটি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) বাদী হয়ে সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ রাতেই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোরের দিকে অভিযুক্ত আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ওই নারীর বাসায় প্রবেশ করে। ঘরে ঢুকে তারা প্রথমে নারীর মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেয়।
এ সময় ভুক্তভোগীর স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
অভিযুক্তরা হুমকি দেয়, তাদের নির্দেশ না মানলে নারী, তাঁর স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে।
একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা একজন এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা বাসা থেকে দুটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সোমবার রাত ১০টার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য:
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদার, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।








Discussion about this post