নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মুহূর্তের অসতর্কতা আর বেপরোয়া গতির মাশুল দিতে হলো প্রাণ দিয়ে।
চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন জুম্মান হোসেন নামে এক যুবক।
বুধবার (২৫ মার্চ) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গুচ্ছগ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আরমান হোসেন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুম্মান ও তার বন্ধু আরমান মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন।
হঠাৎই পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। মুহূর্তেই ঘটনাস্থলে সৃষ্টি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুম্মানকে মৃত ঘোষণা করেন। আরমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত জুম্মান হোসেন স্থানীয় বাসিন্দা মোবারক হোসেনের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এমন ঘটনায় ঘটেছে এক লংকাকান্ড। নিহত জুম্মানের মরদেহ নিয়ে বক্তাবলী ফেরীঘাটে এসে মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় এক যুবক কে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। ঘটনা টি ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিলো—রাস্তার পাশে দাঁড়ানোও কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, যদি না থাকে যানবাহনের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা।









Discussion about this post