রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকা থেকে অপহৃত ৫ বছর বয়সী শিশু মাঈশাকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের দুই দিন পর সোমবার (২০ এপ্রিল) সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পূর্বাচল ১২ নম্বর সেক্টরে পিঠার দোকানদার শ্যামল মিয়ার মেয়ে মাঈশাকে দোকানে নেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে দোকানের কর্মচারী শান্ত। এরপর থেকে শিশুটির কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ব্যাপক খোঁজাখুঁজির পর রোববার রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে সোমবার সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
একই সঙ্গে অভিযুক্ত শান্তকেও গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিশু মাঈশা শারীরিকভাবে সুস্থ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।









Discussion about this post