রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালেন এক মৎস্য খামারি।
নিহত শহিদুল্লাহ মিয়া (৬০) দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়ভাবে শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত এই খামারির মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল্লাহ মিয়ার খামারের আশপাশে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি মাদক বিক্রি ও সেবনের আসর বসাতেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানালে মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।
গত ১১ এপ্রিল দুপুরে সেই বিরোধ চরমে পৌঁছায়।
অভিযোগ রয়েছে, সংঘবদ্ধভাবে কয়েকজন দুর্বৃত্ত খামারে ঢুকে মাদক সেবন করতে থাকলে শহিদুল্লাহ মিয়া বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা লোহার হাতুড়ি, ছুরি ও স্টিলের পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে।
এ সময় তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পশ্চিম রামপুরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। নইলে এমন ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা আরও বাড়িয়ে তুলবে।









Discussion about this post