স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাটে অবস্থিত জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১৩ মে) দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পিডিবি চেয়ারম্যান রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একই সঙ্গে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি।
এর আগে, বুধবার দুপুর ১টার দিকে মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের খাবারের সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে উপস্থিতদের হাত, মুখ ও পা মারাত্মকভাবে পুড়ে যায়।
সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ শাখা থেকে জানানো হয়, আহতদের চিকিৎসার সার্বিক বিষয় তদারকি করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং গ্যাস লাইন ব্যবস্থাপনায় অধিক সতর্কতা জরুরি হয়ে পড়েছে।









Discussion about this post