নিজস্ব প্রতিবেদক :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ১৩ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে “ত্বকী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে আয়োজিত এ সমাবেশ থেকে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয় এবং দীর্ঘদিনের বিচারহীনতার সমালোচনা করেন বক্তাগণ।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক এবং নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন রেবেকা নীলা।
এতে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, সংগঠনের সদস্য সচিব কবি-সাংবাদিক হালিম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, শিল্পী অরূপ রাহী, গণঅধিকার কর্মী ইলোরা জামান, এনপিএর সদস্য কৌশিক আহমেদ এবং সংস্কৃতি কর্মী জমশেদ আনোয়ার।
বক্তারা বলেন, ত্বকী হত্যার পর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অপরাধ প্রবণতা বাড়িয়ে দিচ্ছে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে।
অধ্যাপক আনু মুহাম্মদ তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৩ বছর ধরে আমরা ত্বকী হত্যার বিচার দাবি করছি। কিন্তু এখনো বিচার হয়নি। এই বিচারহীনতাই দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। প্রতিদিন ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটছে, মানুষ বিচার না পেয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে—যা রাষ্ট্রকাঠামোর ব্যর্থতার বহিঃপ্রকাশ।”
তিনি ত্বকী হত্যার পাশাপাশি সাগর-রুনি, তনু ও রামিছাসহ অন্যান্য আলোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।
ত্বকীকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, নাট্যাংশ ও পারফর্মিং আর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি মুক্ত ক্যানভাসে প্রতিবাদী চিত্রাঙ্কনের আয়োজন করা হয়, যেখানে অংশ নেন বিভিন্ন শিল্পী।
আয়োজকরা জানান, ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা দ্রুত চার্জশিট বাস্তবায়ন ও বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, ২০১৩ সালে নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকে বিচার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে তার পরিবার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।









Discussion about this post