স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদল নেতাসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামলায় আহত আল ফারাবী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।
তিনি এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র রূপগঞ্জ থানার যুগ্ম সদস্যসচিব।
মামলায় জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মারুফ মোল্লাসহ আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে একটি ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার সময় আসামিরা পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা মঞ্চ ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে, যাতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। একই সঙ্গে তারা অনুষ্ঠানের জন্য আনা প্রায় দুই লাখ টাকার মৌসুমি ফল লুটপাট করে নিয়ে যায়।
এলোপাতাড়ি হামলায় কয়েকজন আহত হন। অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে এনসিপির নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদলের নেতা মারুফ মোল্লা ও সুলতান মাহমুদসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, “ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার দুই আসামি নিলয় ও রাজু মিয়াকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।









Discussion about this post