স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের ভয়াবহ নোংরা পরিবেশ, চরম অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার নগ্ন চিত্র দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন—“আর কোনো অজুহাত নয়, দুই দিনের মধ্যেই সব ঠিক করতে হবে।”
রোববার (১৪ জুন) দুপুরে আইসিইউ উদ্বোধন উপলক্ষে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই হাসপাতালে পৌঁছে মন্ত্রী যে চিত্র দেখেছেন, তা ছিল হতাশাজনক ও লজ্জাজনক।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রশাসনিক বিশৃঙ্খলা—সবকিছুই উঠে আসে তার আকস্মিক পরিদর্শনে।
হাজিরা খাতা হাতে নিয়ে মন্ত্রী নিজেই উপস্থিতি যাচাই করেন এবং অনুপস্থিতদের নাম ধরে ডাকতে থাকেন। এতে প্রকাশ পায়, দায়িত্বে অবহেলা যেন এখানে নিয়মে পরিণত হয়েছে।
একজন মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তা আসার দিনেও যেখানে এই অবস্থা—সাধারণ দিনের চিত্র কতটা ভয়াবহ, তা সহজেই অনুমেয়।
পরিদর্শন শেষে ক্ষুব্ধ মন্ত্রী সিভিল সার্জনকে সরাসরি তিরস্কার করে বলেন, “আমার ভয়ে হলেও অন্য জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকে, কিন্তু এখানে সেটাও নেই। আপনাকে পরশুদিন পর্যন্ত সময় দিলাম—এরপর কোনো ছাড় নেই।”
হাসপাতালের রান্নাঘরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও কঠোর অবস্থান নেন তিনি।
পুরনো, কালো ও অপরিষ্কার রান্নার পাত্রগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়ে বলেন, এগুলো যেন কোনোভাবেই ব্যবহার না হয় এবং জেলা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে তা অপসারণ করতে হবে।
মন্ত্রী আরও স্পষ্ট করে দেন, “তিন মাস ধৈর্য ধরেছি। এখন আর কোনো ছাড় নয়। অতীত ভুলে গিয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
সরকারি স্বাস্থ্যসেবার এমন বেহাল দশা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্টদের মানসিকতার পরিবর্তন জরুরি।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে—সরকারি হাসপাতালগুলো কি সত্যিই রোগীদের জন্য, নাকি অবহেলা ও দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে ?
দুই দিনের আল্টিমেটামের পর বাস্তব পরিবর্তন আসে কিনা, এখন সেটাই দেখার বিষয়।









Discussion about this post