নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের ‘বোবা কান্না’ দেখার দাবি, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বক্তব্য
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি প্রশাসনে দলীয় ক্যাডারদের বসানোর অভিযোগ তুলে বলেছেন, সরকার একদলীয় শাসন কায়েমের পথে এগোচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, ‘গণভোটে জনগণের রায়কে সম্মান না করা হলে জনগণ ‘হিমালয়ের মতো দাঁড়িয়ে যাবে’।
শুক্রবার (১৯ জুন) সকাল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় লোকজনকে বসানো হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি।
তাঁর ভাষায়, “দলীয় নেতা-কর্মীদের প্রশাসক বানিয়ে সরকার রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করছে, যা শেষ পর্যন্ত একদলীয় শাসনে রূপ নিতে পারে।”
নারায়ণগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “ব্যবসায়ীদের মধ্যে বোবা কান্না দেখেছি। চাঁদাবাজরা তাদের স্বাভাবিকভাবে ব্যবসা করতে দিচ্ছে না।”
এ সময় তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে ধর্মের নামে বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে নানা প্রমাণ রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে কিছু মহল চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছে।
মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতারা।
সম্মেলন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়।









Discussion about this post