সাবেক মেয়র আইভীর ব্যক্তিগত হাজিরা মওকুফ, আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিতির অনুমতি
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। একই সঙ্গে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজির হন। শুনানিতে আইভীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় তার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়।
পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে মামলার চার্জশিট দাখিল এবং বিচারিক আদালতে স্থানান্তর না হওয়া পর্যন্ত ডা. আইভীর পক্ষে তার আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন। তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় তাকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে বলে আদালত নির্দেশ দেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. সেলিনা হায়াত আইভী বলেন, “আমি নির্দোষ হয়েও অপরাধী। নারায়ণগঞ্জে হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। যাই হোক, এর বিচার আল্লাহ করবেন। আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারাও সব দেখবে।”









Discussion about this post