নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাট এলাকায় বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি প্রায় ২৭ বছর বয়সী একজন যুবক। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মরদেহটি দুই থেকে তিন দিন আগে নদীতে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
পরিচয় শনাক্তের লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে। এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









Discussion about this post