বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে ঋণের দায় সইতে না পেরে আঃ মান্নান (৩৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ টিনের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আঃ মান্নান নিজ বাড়ির ঘরের ভেতরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগান।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত মান্নান স্থানীয় আবুল কাশেমের ছেলে এবং পেশায় একজন পিকআপ চালক ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে (১৫) ও এক মেয়ে (১৮) রেখে গেছেন।
নিহতের স্ত্রী নাসিমা জানান, সকালে তিনি স্বামীকে ঘরের খাটে শুয়ে থাকতে দেখে বাইরে শাক তুলতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। বারবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, মান্নান দীর্ঘদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট থেকেই তিনি এ চরম সিদ্ধান্ত নেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









Discussion about this post