নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
এ ঘটনায় জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জহিরুলের স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮) আটক করেছে পুলিশ।
আহত জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার জামশেদ মোল্লার ছেলে। তার স্ত্রী সাবিকুন্নাহার মিম একই থানার মৃত মোস্তফা কামালের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ও তার স্ত্রী দক্ষিণ সানারপাড় এলাকায় বাড়ির মালিক শাহ আলম মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বুধবার রাতে জহিরুল বাসায় ফেরার পর স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে মিম ক্ষিপ্ত হয়ে ধারালো কোনো বস্তু দিয়ে জহিরুলের বিশেষ অঙ্গ কেটে দেন বলে অভিযোগ। এতে জহিরুল গুরুতর রক্তাক্ত হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









Discussion about this post