বন্দর প্রতিনিধি, (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের বন্দরে সৎমাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফিরোজ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ। তার বিরুদ্ধে সৎমাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাদী হয়ে ফিরোজসহ আরও একজনের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। একই দিন দুপুরে গ্রেপ্তার ফিরোজকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামির বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।









Discussion about this post