নগর প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান-কে নিয়ে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে—‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’।
ফটোকার্ডটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি-এর লোগো ও ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ফ্যাক্টচেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ টিমের তদন্তে উঠে এসেছে, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যমুনা টিভির ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের অংশ হিসেবে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ঘেঁটে এমন কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি ভাইরাল ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইনের সঙ্গে যমুনা টিভির আসল ফটোকার্ডগুলোর স্পষ্ট অমিল লক্ষ্য করা গেছে।
এছাড়া দেশের অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও শামীম ওসমানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফ্যাক্টচেকারদের মতে, জনমনে বিভ্রান্তি ছড়াতে পরিকল্পিতভাবে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে।
সুতরাং, শামীম ওসমান মারা গেছেন—এমন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।









Discussion about this post