আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে সামাদ (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামাদ ওই এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন—ইউসুফ আলী ও ইসমাইল, তারাও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সামাদসহ তিনজন পাশের ধানক্ষেতে কাজ করতে যান। কাজের একপর্যায়ে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা দ্রুত বাড়ির দিকে রওনা দেন।
কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে তিনজনই এতে আক্রান্ত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন।
আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।









Discussion about this post