নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে পূর্ব হাজীপুর কবরস্থান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে এবং পূর্ব হাজীপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের লোহার পাইপ অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে আহমদ আলী বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জুয়েল (২৮) ও জামান (৪৭) নামে আরও দুইজন আহত হন।
আহত জুয়েলকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জামান স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই কাজ শুরু করায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে এ ধরনের কাজের ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।









Discussion about this post