স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাধারণত যৌতুকের মামলায় স্বামী বা তার পরিবারের সদস্যদের গ্রেফতারের ঘটনা বেশি দেখা গেলেও এবার ঘটেছে তার ব্যতিক্রম।
বুধবার (২৪ জুন) রাতে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজেদা আক্তার (২৬) নামে ওই নারীকে গ্রেফতার করে।
গ্রেফতার সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে।
মামলার বাদী তার স্বামী শাকিল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ‘সিআর-৫৫৮/২৪’ নম্বর একটি নালিশি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্ট তামিল করতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এবং সাজেদা আক্তারকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ যৌতুক সংক্রান্ত মামলায় সাধারণত নারীর পক্ষ থেকে অভিযোগ বেশি দেখা গেলেও এখানে স্বামীর অভিযোগে স্ত্রী গ্রেফতারের ঘটনা বিরল হিসেবে বিবেচিত হচ্ছে।









Discussion about this post