হাসপাতাল প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বাসিন্দা এক শ্রমিককে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে।
নিহত মো. রাসেল (২৯) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।
বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাসেলের পরিবার জানায়, তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন এবং কদমতলী থানার মুন্সি খোলা এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
রাসেলের বোন রেশমা আক্তার জানান, গত ২২ জুন রাতে আর্জেন্টিনার খেলা দেখার উদ্দেশ্যে
বাসা থেকে বের হন রাসেল। পরে খেলার হাফটাইমের সময় তার কিছু বন্ধু তাকে ডেকে নদীর ধারে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় তারা।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাসেলের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবার নাম আব্দুল মালেক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।









Discussion about this post