সিদ্ধিরগঞ্জে সচিবকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সচিব মো. মেহেদী হাসানকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় ইকবালসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, ইকবাল হোসেনের নির্দেশে মুক্তার, সোলাইমান পলাশ, সাইফুল, নাজমুল, জসিম, টুটুল, জহিরুল, সেলিম, ইয়াসিন, জিসান ও জাহিদ ওরফে মাইচ্ছা জাহিদসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সিটি করপোরেশনের ল্যাম্পপোস্ট মেরামতের কাজে বাধা দেয়।
পরবর্তীতে তারা মেহেদী হাসানের বাসায় অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে এলোপাতাড়ি মারধর করে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ইকবাল হোসেন মেহেদীর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।
ভুক্তভোগী মেহেদী হাসান অভিযোগে উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল ইকবাল হোসেনের ভাই তুহিনকে সচিবের পদ থেকে অপসারণ করে তাকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইকবাল ও তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময় তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা চলে যাওয়ার সময় মেহেদীকে হুমকি দিয়ে বলে, তিনি যদি সচিবের পদ থেকে পদত্যাগ না করেন, তাহলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।









Discussion about this post