ফতুল্লায় হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে গণপিটুনি, রিমান্ড মঞ্জুর
আদালত প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি এলাকায় ডিস ব্যবসায়ী নাসির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শরিফকে আদালতে হাজির করার সময় বিক্ষুব্ধ জনতার গণপিটুনির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে শরিফকে হাজির করতে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
পরে আদালতে শুনানি শেষে বিচারক আসামি শরিফের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
এদিকে শুনানি শেষে আবারও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হয়। আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, চলতি মাসের ১৭ জুন শরিফ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
গত ৬ মে ফতুল্লার চানমারি মাউরাপট্টি এলাকায় ‘ফ্রেন্ডস কেবল’ অফিসে ঢুকে সশস্ত্র হামলায় ডিস ব্যবসায়ী নাসির উদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সায়মা আহমেদ বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় শরিফকে প্রধান আসামি করে আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়।
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।









Discussion about this post