গভীর রাতে মেঘনার বুকে জলদস্যুর তাণ্ডব: বাবা-ছেলে জেলে রক্তাক্ত, লুটপাটে সর্বস্ব হারানোর শঙ্কা
আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুদের দৌরাত্ম্য।
গভীর রাতে মাছ ধরতে গিয়ে সশস্ত্র জলদস্যুদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক জেলে ও তার ছেলে। এ ঘটনায় নদীপাড়ের জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে কালাপাহাড়িয়া ইউনিয়নের মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন জেলে অহিদ মিয়া (৫৫) ও তার ছেলে পারভেজ (২৬)।
বর্তমানে তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো ওই রাতেও তারা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎই ৮ থেকে ৯ জনের একটি মুখোশধারী জলদস্যু দল অন্য একটি নৌকা নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় বাবা-ছেলেকে।
হামলার একপর্যায়ে জলদস্যুরা তাদের কাছ থেকে নগদ প্রায় ৪০ হাজার টাকা, আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের মাছ ধরার জাল এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ফেলে রেখে দ্রুত সটকে পড়ে হামলাকারীরা।
স্থানীয় জেলেরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নদীপথে নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও সামনে এসেছে। তবে খাগকান্দা নৌ পুলিশের ইনচার্জ মালেক খসরু খান জানিয়েছেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ তাদের কাছে পৌঁছেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নদীতে এমন দস্যুতা নতুন নয়—তবুও প্রতিকার না থাকায় জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই প্রতিদিন নদীতে নামতে হচ্ছে জেলেদের। ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।









Discussion about this post