স্টাফ রিপোর্টার :
সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক গোপন বৈঠকে পুলিশের হানা—শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে হলো জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দুলালকে।
রোববার (রাত ১০টা) সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দি জাইদারগাঁও এলাকায় চলছিল ওই বৈঠক। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নীরবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন দুলাল। বিভিন্ন এলাকায় ছোট ছোট বৈঠকের মাধ্যমে নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা ছিল তার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কামরুলের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। আচমকা পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে উপস্থিত অন্যরা দ্রুত সটকে পড়লেও দুলাল পালাতে পারেননি। সেখান থেকেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের দাবি, নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার পর থেকেই দুলাল আরও সক্রিয় হয়ে ওঠেন। মোগরাপাড়া, দরিকান্দি সহ আশপাশের এলাকায় একাধিক গোপন বৈঠকের মাধ্যমে তিনি সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটি পুনর্গঠন করা হয়। সেই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান দুলাল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকায় শেষ পর্যন্ত অভিযানে ধরা পড়েন তিনি।
এ বিষয়ে এএসআই কামরুল বলেন, “গোপন বৈঠকের সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। অন্যরা পালিয়ে গেলেও মূল ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”









Discussion about this post