দুদকের ইনভেন্টরি কার্যক্রম শুরু
জলসিঁড়িতে জিয়াউল আহসানের আটতলা বাড়িতে মালামালের তালিকা প্রস্তুত
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়িতে অবস্থিত আটতলা ভবনে থাকা মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুদকের একটি দল ভবনটিতে ইনভেন্টরি কার্যক্রম শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।
তিনি জানান, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে ভবনের ভেতরে থাকা বিভিন্ন মালামালের তালিকা প্রস্তুত করছে।
ক্রোক করা সম্পদের সঠিক বিবরণ সংরক্ষণ এবং ভবিষ্যৎ আইনগত প্রক্রিয়ার জন্য এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দুদক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আটতলা ভবনটি আদালতের আদেশে ক্রোক করা সম্পদের অন্তর্ভুক্ত। সেই অনুযায়ী ভবনের বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
এর আগে, গত বছরের ২৪ এপ্রিল ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত জিয়াউল আহসানের প্রায় ১৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক এবং তাঁর নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
দুদকের আবেদনের পর বিচারক মো. জাকির হোসেন এ আদেশ প্রদান করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসান জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এসব অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, ইনভেন্টরি কার্যক্রম শেষ হলে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।









Discussion about this post