সিদ্ধিরগঞ্জে কটন মিলের জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত ৩, দখল ও মাঠ নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিল এলাকার একটি খালি জমি ঘিরে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (রাত ১০টা) এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, কটন মিলের শেয়ারহোল্ডারদের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।
শেয়ারহোল্ডার আব্দুর রব, ইয়াকুব ও আহত আরমান জানান, প্রায় অর্ধশত শেয়ারহোল্ডারের সঙ্গে নীট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীনের বিরোধ রয়েছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান।
তাদের অভিযোগ, চলমান মামলার মধ্যেই স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে অতর্কিত হামলার শিকার হন তারা।
আহতদের মধ্যে এমিলি নামের এক নারী মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া সাইফুল ও আরমানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা মো. শফিকুল ইসলাম শফিক ভিন্ন বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, কটন মিল এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অনুরোধে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ওই খালি জমিতে একটি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে বালু ভরাট করতে গেলে স্থানীয় কিছু নারী-পুরুষ বাধা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে দাবি করেন।
তবে হামলার শিকার অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন৷ বিএনপির নামধারী নেতাদের কোটি টাকার চুক্তিতে মাঠ ভরাটের নামে জমি দখলে নীলনকশা করে এই হামলার ঘটনা ঘটায় জয়নাল, জাহাঙ্গীর ও শফিকুল ইসলাম শফিক এবং তাদের বাহিনী। এই জয়নাল ও জাহাঙ্গীর আওয়ামী লীগের শাসনামলে প্রয়াত নাসিম ওসমান, পরবর্তীতে সেলিম ওসমান এরপর শামীম ওসমান ছাড়াও আজমেরী ওসমান – অয়ন ওসমানের বাহিনী দিয়ে উচ্ছেদের চেষ্টা চালিয়ে ব্যাপক তান্ডব চালিয়ে ব্যর্থ হয়। এবার বিএনপির কিছু নেতা ওই একই কায়দায় জয়নাল ও জাহাঙ্গীরের অর্থে ম্যানেজ হয়ে ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রাথমিকভাবে এক নারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সংশ্লিষ্টদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক মামলা ও বিরোধ চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সময় সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।









Discussion about this post