ফতুল্লায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন : আতঙ্ক, তদন্তে পুলিশ
নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাষাঢ়া-আদমজী সড়কে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার দিনগত রাত আনুমানিক ৩টার (২১ জুলাই) দিকে এ ঘটনা ঘটে।
তবে মঙ্গলবার দুপুরে আগুন লাগার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জানা যায়, স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের পর থেকেই নিরাপত্তা জোরদার করতে পাশে ফতুল্লা মডেল থানার অধীনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল।
তবুও এমন ঘটনা কীভাবে ঘটলো, তা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব জানান, গত ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ওই অনুষ্ঠানকে ঘিরে স্মৃতিস্তম্ভের চারপাশ কাপড় দিয়ে মোড়ানো ছিল। ভোররাতে দূর থেকে কাপড়ের একটি ছোট দলায় আগুন লাগিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারা হয়। এতে পাশের কাপড়ে আগুন ধরে যায়। তবে আগুনের তীব্রতা কম থাকায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ঘটনার সময় দুর্বৃত্তরা অন্ধকারের সুযোগ নিয়ে আগুন দেয়। এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মৃতিচিহ্নে এমন নাশকতামূলক ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং স্মৃতিস্তম্ভের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।









Discussion about this post