বন্দরে গ্যাস লিকেজে আগুন: শিশুসহ একই পরিবারের তিনজন আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সেলিম মিয়ার টিনশেড বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ৮ বছর বয়সী শিশু সন্তান মারুফ। তিন জনের অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিট কর্তৃপক্ষ।
তারা প্রায় এক বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সকালে হঠাৎ ঘরের ভেতর বিকট শব্দের পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে পুড়ে যান ঘরে থাকা তিনজন।
পরে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মাইদুলের শরীরের প্রায় ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।”
এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে।”
স্থানীয়দের অভিযোগ, অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ গ্যাস লাইনের কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত এসব লাইনের সংস্কার ও তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক দগ্ধ হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।









Discussion about this post