বন্দরে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড: দগ্ধ শিশু মারুফের মৃত্যু, বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে মারুফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি পরিবার নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মারুফসহ তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, মারুফের শরীরের প্রায় ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
মারুফের মৃত্যুর পর তার বাবা-মা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হয়ে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।









Discussion about this post