নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা এবং ঝটিকা মিছিলের উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। সেখানে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পরে ভাটারা থানা পুলিশের অভিযানে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। সভায় আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপস্থিত থাকার কথা থাকলেও তারা সেখানে আসেননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তার তরুণদের অনেকেই নতুন সাদা পাঞ্জাবি পরা ছিলেন। এ ঘটনায় ওই বাসাটির মালিকানা, সভার আয়োজন এবং এর অর্থায়নের উৎসসহ সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের এতসংখ্যক নেতাকর্মীর রাজধানীতে একসঙ্গে জড়ো হওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়, তাদের সাংগঠনিক পদ এবং সভার পেছনে কারা ছিলেন—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।









Discussion about this post