চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নগর প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ভিন্নতা রয়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান। আবার কারও দাবি, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
জেলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, পরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।
দুর্ঘটনার পর চাষাঢ়া রেলস্টেশন এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তসহ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।









Discussion about this post