রূপগঞ্জে মাদকের আধিপত্য নিয়ে সশস্ত্র দাপট, গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের প্রকাশ্য সশস্ত্র দাপট, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ধরে রাখতে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ছিল দুই গ্রুপ—এমন তথ্য জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নবী গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি গুলিভর্তি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পুলিশ সুপার জানান, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপ ও নবী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মাদক কারবারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে তারা প্রায়ই অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিত এবং ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ত।
এভাবে অপরাধী গ্রুপগুলোর প্রকাশ্য শক্তি প্রদর্শন ও অস্ত্রের মহড়া পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। সাধারণ মানুষকে জিম্মি করে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সশস্ত্র আধিপত্য প্রতিষ্ঠার এই প্রতিযোগিতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগজনক হয়ে উঠেছিল বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দুই গ্রুপ ফের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়ায় নামে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নবী গ্রুপের চার সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে কেউ অস্ত্রের দাপট দেখিয়ে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পাবে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার চারজনকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
তারাবো বাজারে মাদক কারবারকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপগুলোর এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, শুধু অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেই থেমে না থেকে মাদক ব্যবসার নেপথ্যের নিয়ন্ত্রক, অস্ত্রের যোগানদাতা এবং দুই গ্রুপের সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কয়েকজন গ্রেপ্তার হলেও মাদকের নিয়ন্ত্রণকে ঘিরে সশস্ত্র আধিপত্যের এই চক্র আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।








Discussion about this post