পারিবারিক কলহে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার দায়ে আব্দুর রহিম খাঁন (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম খাঁন বরিশালের মুলাদী থানার বাহাদুপুর এলাকার মৃত ধলু খানের ছেলে। নিহত মারুফা আক্তার একই জেলার কোতয়ালী থানাধীন রাজারচর এলাকার মো. ইব্রাহীম মুন্সীর মেয়ে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ জুন রূপগঞ্জের রসুলপুর এলাকায় একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী মারুফা আক্তারকে মারধর করেন আব্দুর রহিম খাঁন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর নিহতের বাবা ইব্রাহীম মুন্সী রূপগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আব্দুর রহিম খাঁনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (মাসুম) বলেন, স্ত্রী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।









Discussion about this post