চাকরির ভুয়া বিজ্ঞাপনে ১০ যুবককে অপহরণ, রূপগঞ্জে চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে যুবকদের ফাঁদে ফেলে অপহরণ ও জিম্মি করে রাখার অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।
একই অভিযানে একটি বাসা থেকে জিম্মিদশায় থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানার রূপসী কলাবাগান এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ১০ যুবককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সিরাজুল ইসলাম (২৯) ও অমিত হাসান (২৩)। র্যাবের দাবি, গ্রেপ্তার সিরাজুল ইসলাম এই অপহরণ চক্রের মূলহোতা।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যেকোনো শপিংমলে সেলসম্যান’ পদে চাকরির প্রলোভন দেখিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। বিজ্ঞাপন দেখে চাকরিপ্রত্যাশী ১০ যুবক ওই চক্রের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের রূপগঞ্জের উত্তর রূপসী (কলাবাগান) এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদের চাকরি হয়ে গেছে বলে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে ‘প্রসেসিং ফি’ বাবদ ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা আদায় করা হয়। টাকা নেওয়ার পরও চাকরিতে যোগদানের সুযোগ না দিয়ে যুবকদের ওই বাসায় আটকে রাখা হয় বলে অভিযোগ।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ১০ যুবককে প্রায় ৩ থেকে ৪ দিন ধরে জিম্মি করে রাখা হয়। এ সময় তাদের পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি। এমনকি কেউ সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে জিম্মিদের উদ্ধারে অভিযান পরিচালনা করে র্যাব-১১-এর সিপিএসসি ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ দল। অভিযানে চক্রটির দুই সদস্যকে আটক করার পাশাপাশি বাসা থেকে ১০ যুবককে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি যুবকদের জিম্মি করে রাখার ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেখে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়ার আগে যথাযথভাবে যাচাই করা জরুরি।









Discussion about this post